কুষ্টিয়ার মিরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক কৃষক। এ ঘটনায় তার কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক হানিফ শেখ (৬০) মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।
হানিফ শেখের বড় ছেলে মাসুম জানান, সকালে গরু কেনার উদ্দেশ্যে এক লাখ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে মেহেরপুরের দিকে রওনা হন তার বাবা। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে যায়।
পরে বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সরোয়ার জাহান শান্ত বলেন, “গুরুতর অবস্থায় একজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

