বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে ডিআইজি এহসানুল্লাহ পলিয়েছেন। বুধবার সকাল থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ নিয়ে রাজশাহীজুড়ে তোলপাড় চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে গ্রেফতার করতে বুধবার সকালে একাডেমিতে অভিযান চলে। কিন্তু এর আগেই তিনি পালিয়ে যান।
এ বিষয়ে জানতে একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনি (ডিআইজি এহসানুল্লাহ) বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে গ্রেফতার করতে এসেছিল বলে জানতে পেরেছি। তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র দাবি করেছে, ডিআইজ এহসানুল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছে-এমন খবর জানতে পেরে তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে পালিয়ে যান।

