লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোস্তাফিজুর রহমান ওই এলাকার মরহুম বাচ্ছু মিয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে মাঠে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের সঙ্গে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

