ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির সাইবার নিরাপত্তা এবং বিভিন্ন নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

