ফেনীতে মাটি ও মাদক কারবারকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মে) রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবতাহি হোসেন তাহি (২০)। পিঠে ছুরিকাঘাতের পর তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাহি ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) অভিযুক্ত খুরশিদকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বগইড় এলাকার খুরশিদ ও মারুফ নামের দুই ব্যক্তির সঙ্গে মাদক ও মাটি ব্যবসা বন্ধ করা নিয়ে তাহির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খুরশিদ তাহিকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জাবেদ নামে আরও একজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

