মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ক্রিকেটে গড়লেন নতুন ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে সিলেটে চলমান টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে নিজের নামে করে নিয়েছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।
এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের হয়ে মোট ১৪টি টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন মুশফিক। এর আগে মুমিনুল হক-এর সঙ্গে যৌথভাবে ১৩টি সেঞ্চুরি নিয়ে রেকর্ডের মালিক ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে শতক হাঁকিয়ে সেই রেকর্ডে একক আধিপত্য প্রতিষ্ঠা করলেন মুশফিক।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৬ ওভার শেষে ৬ উইকেটে ৩৩১ রান।
চলমান ম্যাচের এই ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মুশফিক। ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে এই কীর্তি গড়েন তিনি। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
এর আগে ৬১তম ওভারে নিজের টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।
আগামী ২৬ তারিখ আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূর্ণ করবেন মুশফিকুর রহিম। ৩৯ বছর বয়সেও ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশের ক্রিকেটে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি।

