কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির চাকায় পিষ্ট হয়।
এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

