আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তিন দেশেই হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সব সংগীত তারকা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুনের সেই ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগে মঞ্চ মাতাবেন কলম্বিয়ার তারকা জে বলভিন, গ্র্যামিজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং জনপ্রিয় গায়ক আলেহান্দ্রো ফের্নান্দেজ।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নিতে পারেন মেক্সিকোর লাতিন পপ তারকা বেলিন্দা, গায়ক-সুরকার লিলা ডাউন্স, দক্ষিণ আফ্রিকার শিল্পী তাইলা এবং জনপ্রিয় ব্যান্ড লস অ্যাঞ্জেলেস আজুলেস।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, পুরো বিশ্বের দর্শকদের জন্য স্মরণীয় আয়োজন করতে চায় ফিফা। তিনি বলেন, ফুটবল ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যাবে এবারের বিশ্বকাপে।
১২ জুন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। সেই ম্যাচের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন আলানিস মোরিসেটে, মাইকেল বাবলে, আলেসিয়া কারা, জেসি রেয়েজ এবং বলিউড তারকা নোরা ফাতেহি।
একই দিনে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সেই ম্যাচের অনুষ্ঠানে থাকবেন পপ তারকা কেটি পেরি। তার সঙ্গে আরও পারফর্ম করবেন র্যাপার ফিউচার, ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা, ব্রাজিলীয় গায়িকা আনিতা, নাইজেরিয়ার রেমা এবং দক্ষিণ আফ্রিকার শিল্পী তাইলা।

