বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকাল ৪টা ৫৫ মিনিট থেকে এ রুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল স্থগিত করা হয়।
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হঠাৎ করে পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হলে নৌপথে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় দৌলতদিয়া ঘাটে সাতটি এবং পাটুরিয়া ঘাটে তিনটি ফেরি অবস্থান করছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুতই ফেরি ও লঞ্চ চলাচল পুনরায় চালু করা হবে।
এদিকে নৌরুট বন্ধ থাকায় দুই পাড়ে যানবাহন ও যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

