ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-এ দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় ট্রাকচালক ও তার হেলপার নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে।
শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার সামনে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব ছিলেন ট্রাকচালক এবং তার বাবা ইউসুফ আলী হেলপার হিসেবে সঙ্গে ছিলেন।
মো. শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাক বগাইল টোলপ্লাজা এলাকায় পৌঁছালে এর একটি চাকা বিকল হয়ে যায়। পরে তারা সড়কের পাশে দাঁড়িয়ে মেরামতের কাজ করার সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নেয়।
শিবচর হাইওয়ে থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা জানায়, বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

