ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তুমুল ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ মে) হঠাৎ হওয়া এই প্রতিকূল আবহাওয়ায় মৃত্যুর সংখ্যা ৮৯ জনে পৌঁছায়। এছাড়া আরও ৫৩ জন আহত হয়েছেন, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে ১১৪টি গবাদিপশু মারা গেছে।
রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে এসব প্রাণহানি ঘটে। অনেক এলাকায় গাছ উপড়ে পড়ে এবং ঘরবাড়ির দেয়াল ধসে মানুষ মারা যান।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ভারোহি অন্যতম, যেখানে ধূলিঝড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ফতেহপুরে বৃষ্টিজনিত ঘটনায় ৯ জন এবং বুদাউন, চানদাউলি ও শনভদ্রসহ কয়েকটি জেলায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের অন্তত পাঁচটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্রবল বাতাসে গাছ ও বিলবোর্ড উপড়ে সড়ক ও যানবাহনের ওপর পড়ে আছে। ধূলিঝড়ে বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এক ভিডিওতে টিনের কাঠামো ধরে থাকা এক ব্যক্তিকে বাতাসে উড়ে যেতে দেখা গেলেও তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক ও জরুরি সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

