মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা-য় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
বুধবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল মুন্সী নিজ বসতঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সম্প্রতি সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নুপুর বেগম পাশের ঘরে মায়ের সঙ্গে অবস্থান করছিলেন।
রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে শব্দ পেয়ে সোহেলের মা সেফালি বেগম ও স্ত্রী বাইরে এসে দেখেন, উঠানে রাখা মোটরসাইকেলে আগুন জ্বলছে। এ সময় সোহেলের রক্তাক্ত মরদেহও উঠানে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা সোহেল মুন্সীকে ঘর থেকে ডেকে বা জোরপূর্বক বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-সিরাজদিখান সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ঘর থেকে বের করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

