সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নদীর স্রোতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চর এলাকার আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
এ ঘটনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) প্রাণে বেঁচে যায়।
তিনজনই কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার তিন শিক্ষার্থী গোসল করতে যমুনা নদীতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে জুনায়েত ও আরিফুল তলিয়ে যায়। তবে হাসিবুল্লাহ কোনোভাবে নদীর তীরে উঠে আসতে সক্ষম হয়।
পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে খোঁজ শুরু করেন। দুপুরে দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় জেলেদের সহায়তায় নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

