সৌদি প্রো লিগে আবারও আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। আল শাবাবের বিপক্ষে গোল করে আল নাসর–এর হয়ে লিগে নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার।
এই ম্যাচে জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের সঙ্গে রোনালদোর গোল মিলিয়ে ৪–২ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে দলটি।
বর্তমানে ৩২ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৮২। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল ৩১ ম্যাচে পেয়েছে ৭৭ পয়েন্ট। দুই দলের মধ্যে আসন্ন ম্যাচটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে, যা শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোনালদোর এই গোলের মাধ্যমে তার অফিসিয়াল ক্যারিয়ার গোলসংখ্যাও পৌঁছেছে ৯৭১-এ। ফলে ফুটবল ইতিহাসে ১ হাজার গোলের মাইলফলকের খুব কাছাকাছি চলে এসেছেন তিনি।
৪১ বছর বয়সেও ফিটনেস ও গোল করার ধারাবাহিকতা ধরে রেখে রোনালদো আবারও প্রমাণ করছেন কেন তিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকা। চলতি মৌসুমে আল নাসরের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা এখনো তিনিই।

