লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।
নিহত দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, লেবানন নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরাইলি বিমান হামলায় আরও এক বাংলাদেশি নারী দিপালী নিহত হন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা শেখ মোফাজ্জল এবং মা রোজিনা খাতুন।

