দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগে আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হলেও আগামীতে সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে যেসব বিষয় অভিন্ন, সেগুলোতে কমন প্রশ্নপত্র করা হবে।
সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের জন্য সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সরকার ধাপে ধাপে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনছে এবং শিক্ষাকে আরও আনন্দময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষায় খেলাধুলা, নীতি-নৈতিকতা ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে দক্ষতা উন্নয়ন জরুরি। এজন্য কারিগরি শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শিক্ষাখাতে বাজেট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতের বাজেট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। তবে বর্তমানে সেই সক্ষমতা পুরোপুরি তৈরি না হলেও ধাপে ধাপে বাজেট বাড়ানো হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান ড. মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
এর আগে পায়রা উড়িয়ে ও কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন অতিথিরা। পরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪৯ জন শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।

