মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মণ্ডল (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকালে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকবর মণ্ডল মাশালিয়া গ্রামের আজাহার মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের আব্দুর রশিদের সঙ্গে আকবর মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে আকবর মণ্ডল পাটক্ষেতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত অবস্থায় মাঠে ফেলে রেখে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে আকবর মণ্ডলকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

