সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমনসহ পাঁচজন সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।
শনিবার (১৭ মে) রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খালসংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করেন। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাদের কোস্ট গার্ড স্টেশন দোবেকিতে রাখা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আত্মসমর্পণের সময় দস্যুরা তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেয়।
রোববার (১৮ মে) সকালে বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুমন বাহিনীর প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত দস্যু দমন অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানের ফলে বনাঞ্চলে দস্যুতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানা গেছে।

