পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ।
জানা গেছে, শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে বসে ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম এবং বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী তাকে দোকান থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে মোয়াজ্জেম হোসেন দৌড়ে দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা তাকে আবার টেনে বের করে দ্বিতীয় দফায় মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মোয়াজ্জেম হোসেনের পরিবার।
এ ঘটনায় কলাপাড়া প্রেস ক্লাব, মহিপুর প্রেস ক্লাব, কুয়াকাটা প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ও কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

