দীর্ঘ ১৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ ড্যারেন বেজলি।
দলের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস উডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সময়ে চোটের কারণে কিছুটা ভোগান্তিতে থাকলেও তার নেতৃত্বের অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
এবারের দলে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ। ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার ফলে ক্রিস উড ও টমি স্মিথ দুজনই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে খেলার কীর্তি গড়তে যাচ্ছেন। এর আগে তারা ২০১০ বিশ্বকাপেও দলের সদস্য ছিলেন।
অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে ক্রিস উড এখন নিউজিল্যান্ড ফুটবলের কিংবদন্তি অধিনায়ক স্টিভ সামনার ও রায়ান নেলসেনের পাশে নিজের নাম লেখালেন।
দল ঘোষণার সময় কোচ ড্যারেন বেজলি জানান, গত কয়েক বছরে প্রায় ৫৫ জন ফুটবলারকে পর্যবেক্ষণ করার পর সেখান থেকে সেরা ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে। তার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা যেকোনো খেলোয়াড়ের জন্য গর্বের বিষয়। তাই অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখদেরও সুযোগ দেওয়া হয়েছে দলে।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড খেলবে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, ইরান ও মিশর। এর আগে দুইবার বিশ্বকাপে অংশ নিলেও এখন পর্যন্ত গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি।
নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দল
গোলরক্ষক:
ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।
ডিফেন্ডার:
টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।
মিডফিল্ডার:
জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।
ফরোয়ার্ড:
ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।

