নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে এবার ঈদুল আজহাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় একটি বিরল এলবিনো মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
সাড়ে তিন বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। মাথার সামনের সোনালী লম্বা চুল ও রাজকীয় চলাফেরার কারণে খামারিরা মজা করেই এমন নাম দিয়েছেন। ধবধবে সাদা গায়ের ওপর গোলাপি আভা আর শান্ত স্বভাবের কারণে মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ তুলছেন ছবি ও সেলফি।
রাবেয়া অ্যাগ্রো ফার্মে এবার প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হলেও সবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই মহিষটি। খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, গত বছর রাজশাহী থেকে সংগ্রহের পর থেকেই এটি সবার নজর কাড়ে। পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, প্রতিদিন দুই বেলা বিশেষ যত্নে খাবার দেওয়া হয়। এর খাদ্যতালিকায় থাকে ভুট্টা, সয়াবিন, খইল, ভুসি ও তাজা ঘাস। নিয়মিত গোসল ও পরিচ্ছন্নতার কারণেই এর গায়ের গোলাপি আভা আরও উজ্জ্বল দেখায়। ইতোমধ্যে ঢাকার এক সৌখিন ক্রেতা লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি কিনে নিয়েছেন। ঈদের আগে ‘ডোনাল্ড ট্রাম্প’ যেন নারায়ণগঞ্জবাসীর জন্য বাড়তি আনন্দের খোরাক হয়ে উঠেছে।

