দেশের সাত জেলায় বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৯ মে) সন্ধ্যার মধ্যে এসব এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড় জেলার কিছু স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, এটি মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা। বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে এ সতর্কতা জারি করা হয়নি।
সংস্থাটি আরও জানায়, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন কিংবা বৃষ্টি শেষ হওয়ার পরও বজ্রপাত হতে পারে। তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

