দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।
এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফায় দাম বেড়েছে এবং ২৮ দফায় কমানো হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।

