২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা-কে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার-এর নেতৃত্বাধীন বেঞ্চে তাদের হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় ডা. দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে আন্তর্জাতিকভাবে সমর্থন করে বক্তব্য দেন তিনি।
এছাড়া সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শুরু থেকেই হেফাজতের সমাবেশকে ‘উসকানিমূলক’ হিসেবে তুলে ধরেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সে সময় মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ মামলায় এর আগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আরও ছয় আসামি। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি-র উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতা আজিজুল হক। তিনি জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হক-এর পক্ষে অভিযোগটি দাখিল করেন। এ ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

