র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আর আগের মতো থাকছে না এবং এর নামও পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এক অর্থে সেইভাবে র্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পালটে যাচ্ছে।” এ ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান।
উল্লেখ্য, গুম, বিচারবহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব বিলুপ্তির দাবি বিভিন্ন সময় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক মহল থেকে উঠে এসেছে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপিও সংবাদ সম্মেলন করে র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিল।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পর সাংবাদিকদের বলেন, মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।
উপদেষ্টা জাহেদ উর রহমান আরও বলেন, নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে এলিট ফোর্সের কাঠামো পুনর্গঠন করা হবে। এটি র্যাব নামে থাকবে কি না বা নতুন নামে গঠিত হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়।
তিনি জানান, রাষ্ট্রের জন্য একটি এলিট ফোর্স থাকা প্রয়োজন এবং সেটি আইনগতভাবে আরও স্পষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ডও তুলে ধরা হয়। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

