বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলের শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা ফরোয়ার্ড নেইমারের শারীরিক অবস্থা। চোট কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় দলের সঙ্গে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারছেন না তিনি।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিতে ব্রাজিল দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাননি নেইমার। বর্তমানে তিনি নিউ জার্সিতে চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের নিবিড় তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির জন্য বিশ্বকাপের আগে অন্যতম বড় দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে নেইমারের ফিটনেস। সান্তোসের হয়ে করিটিবার বিপক্ষে ম্যাচে কাফ মাংসপেশিতে গ্রেড-টু ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন এই তারকা। চোট পাওয়ার কয়েক সপ্তাহ পার হলেও এখনো বল নিয়ে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) এই ফুটবলার।
এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণজনিত চাপ এড়াতে নেইমারকে দলের সঙ্গে না পাঠিয়ে বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতা নিশ্চিত করাই এখন দলের প্রধান লক্ষ্য।
তবে নেইমারকে নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, নেইমার এখনো বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ। দলের বিশ্বাস, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। আর যদি সেটি সম্ভব না হয়, তাহলে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে বলে আশা করছেন তারা।
আনচেলত্তি আরও বলেন, বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করা প্রতিটি ফুটবলারের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং দলকে নিয়ে তিনি আত্মবিশ্বাসী।
বিশ্বকাপ সামনে রেখে নেইমারের সুস্থতা এখন ব্রাজিল সমর্থকদের অন্যতম আলোচনার বিষয়। দলের সবচেয়ে বড় তারকাদের একজনকে দ্রুত মাঠে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে সেলেসাও শিবির।

