চট্টগ্রামের মীরসরাইয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড়ে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সোনাপাহাড় এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর আটকে পড়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঘটনায় কোনো যাত্রী বা রেলকর্মী হতাহত হননি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ট্রাকটি সরিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।
এদিকে দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন অতিক্রম করার পর আটকে রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, দ্রুত উদ্ধার কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।

