যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার কৌশল নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সম্পূর্ণ ঐক্য রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
ইরানের কাস্টমস প্রশাসন পরিদর্শনকালে তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একটি সুস্পষ্ট ও সমন্বিত কৌশল অনুসরণ করছে।
তিনি বলেন, “ইসলামিক রিপাবলিক অব ইরান আলোচনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করেছে এবং সব কর্মকর্তা সম্পূর্ণ সমন্বয়ের সঙ্গে তা বাস্তবায়ন করছেন।”
আরেফ আরও জানান, আলোচনার জন্য প্রস্তুত খসড়া ও প্রস্তাব নিয়ে সরকারের ভেতরে কোনো ধরনের মতপার্থক্য নেই।
তিনি বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে, যা ভবিষ্যৎ কূটনৈতিক ও নিরাপত্তা কৌশলে সহায়ক হবে।
এদিকে, আঞ্চলিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রক্রিয়ার অংশ হিসেবে ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তীতে মতপার্থক্য ও আঞ্চলিক পরিস্থিতির কারণে আলোচনা স্থবির হয়ে পড়ে।

