জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর আলোচিত অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।
রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ। তিনি জানান, জিয়ানকার্লো এস্পোসিতো পবিত্র শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তুর্কি আল-শেখ আরও বলেন, সৌদি আরবে শুটিং চলাকালে এস্পোসিতো একটি মসজিদে তার প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই মার্কিন অভিনেতাকে মসজিদের ভেতরে মুসল্লিদের সঙ্গে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখা গেছে।
তিনি জানান, সৌদি আরবে কাটানো সময়, স্থানীয় মুসলমানদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং দেশটির মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা এস্পোসিতোকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে সৌদি আরবের সম্প্রীতি ও সংস্কৃতির প্রশংসাও করেছেন এই অভিনেতা।
চলচ্চিত্র ও টেলিভিশনে কয়েক দশকের দীর্ঘ কর্মজীবনে জিয়ানকার্লো এস্পোসিতো আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন পান। এছাড়া ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় সিরিজেও অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তিনি সৌদি আরবে ‘সেভেন ডগস’ নামের একটি বড় বাজেটের চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সৌদি আরব যে উদ্যোগ নিয়েছে, এই চলচ্চিত্রকে তারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

