যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকচাপায় কবির হোসেন মৃধা নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন মৃধা (৫৫) বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে। প্রায় ১৫ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।
রোববার (২১ জুন) দুপুরে নিহতের আত্মীয় হেমায়েত হাওলাদার, যুক্তরাষ্ট্রে বসবাসরত কবির হোসেনের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরা জানান, কবির হোসেন স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করতেন। ঘটনার দিন সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হেমায়েত হাওলাদার জানান, জীবদ্দশায় কবির হোসেনের ইচ্ছা ছিল মৃত্যুর পর তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। সেই অনুযায়ী তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।
এদিকে কবির হোসেন মৃধার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

