বাংলাদেশ-ভারত কূটনৈতিক উত্তেজনা আবারও বাড়ছে। সোমবার (২৩ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে ভারতীয় উগ্র হিন্দুবাদী কয়েকটি দলের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। এর কয়েক ঘণ্টা পর, ভারতও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে।
এটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দ্বিতীয়বারের মতো উভয় পক্ষের কূটনীতিককে তলব করার ঘটনা। এর আগে গত ১৭ ডিসেম্বরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিল।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ও বাসভবনের বাইরে সংঘটিত দুঃখজনক ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রপন্থীদের হামলার ঘটনা নিয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানাতে প্রণয় ভার্মাকে তলব করা হয়।
এছাড়া, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ পরিস্থিতির প্রতিকার হিসেবে ভারত সরকার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে।
রিপোর্ট : জেড.এস

