নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত তৈয়বুর রহমান মোল্লা (৬৫) হাটোইর গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে একই গ্রামের সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীনকে (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের শিশু সন্তান শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম পাড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মোমিন শিশুটিকে চড়-থাপ্পড় দিলে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ইমরান হোসেন ও তার সমর্থকরা সংঘবদ্ধ হয়ে আব্দুল মোমিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ সময় বাধা দিতে গেলে মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮), আব্দুল মোমিন (২৬) ও শিশু রিয়ানকে (৮) মারধর করে আহত করা হয়।
স্থানীয় বাসিন্দা সোহেল জানান, আহতদের হাসপাতালে নেওয়ার সময় বাড়ি সংলগ্ন পাকা সড়কে আবারও হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তৈয়বুর রহমান মোল্লাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তৈয়বুর মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

