ঢাকা, ৩ মে: সদ্য বিদায়ী এপ্রিল মাসেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। পুরো এপ্রিলজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত এপ্রিলে দেশে মোট ৩১২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগে গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চ মাসে, যখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে—৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।
এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে তৃতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চলতি বছরের জানুয়ারিতে চতুর্থ সর্বোচ্চ ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে।
অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

