কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ এখন আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কিংবা সরকার—কেউই কাঁটাতারকে ভয় পায় না।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভয় দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো।”
এর আগে সকালে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে।
বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচিত ছিল। নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজন অনুযায়ী কূটনৈতিকভাবে অবস্থান জানানো হবে।
এদিকে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, ভারত সরকার আশ্বাস দিয়েছে, সেখান থেকে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চীন সফরে যেতে পারেন, তাহলে তারেক রহমানেরও সেখানে যেতে কোনো সমস্যা নেই।”
তিনি আরও জানান, তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। এ প্রকল্পে অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

