টানা তিন দফায় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পর এবার জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ২২৭ টাকা ০৮ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির দাম ১.৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম ৭ মে রাত থেকেই কার্যকর হবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সা।
তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হলে বাজারে বড় প্রভাব পড়ে। এর ফলে মার্চে এক দফায় দাম বেড়ে হয় ১১২ টাকা ৪১ পয়সা।
পরিস্থিতি আরও জটিল হওয়ায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। এরপর সর্বশেষ এপ্রিল মাসে তা আরও বেড়ে ২২৭ টাকা ০৮ পয়সায় পৌঁছায়।
সাম্প্রতিক এই সিদ্ধান্তে দীর্ঘ কয়েক মাসের ঊর্ধ্বমুখী প্রবণতার পর কিছুটা স্বস্তি ফিরেছে জেট ফুয়েলের দামে।

