সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজধানীর বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। তাই আগামী চার থেকে ছয় মাসের মধ্যে বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বিএসআরএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে রাজধানীর বড় বাসস্ট্যান্ডগুলো ধাপে ধাপে স্থানান্তর করা হবে। এর মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড স্থানান্তর করা হবে কাঁচপুরে। একইভাবে অন্যান্য বড় বাসস্ট্যান্ডও বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “সোহাগ ও গ্রীন লাইনের মতো উন্নতমানের এসি বাসগুলোর জন্য বর্তমান বাসস্ট্যান্ডের পরিবেশ উপযোগী নয়। এসব কোম্পানি নিজস্ব অফিস বা নির্ধারিত স্থান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, যেখানে ভালো পরিবেশ ও টয়লেট সুবিধা রয়েছে। কিন্তু অধিকাংশ বাসস্ট্যান্ডের সার্বিক অবস্থা এখনো মানসম্মত নয়।”
সোহাগ পরিবহন ও গ্রীন লাইন পরিবহন–এর মতো পরিবহন সেবাগুলোর উদাহরণ টেনে মন্ত্রী বলেন, বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে এবং এর দৃশ্যমান পরিবর্তন আসতে কিছুটা সময় লাগবে।
তিনি আরও বলেন, বর্তমানে রাজধানীর কলাবাগানসহ বিভিন্ন এলাকায় যেভাবে বেসরকারি বাস কোম্পানিগুলো নিজেদের মতো করে স্ট্যান্ড তৈরি করে যাত্রী ওঠানামা করাচ্ছে, ভবিষ্যতে তা আর করতে দেওয়া হবে না।

