বাগেরহাটের মোংলা উপজেলায় শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা বেগম শ্যালা নদীতে চিংড়ির রেণু পোনা সংগ্রহের জন্য জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনার পর সুন্দরবন-সংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের নদী ও খালে মাছ ধরার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
এসিএফ দীপন চন্দ্র দাস বলেন, “শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

