রাজধানীর মিরপুরে দায়ের করা সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর বিচারক তাওহীদা আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানার ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে মো. সাগর নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে মমতাজ বেগমকে ৪৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উল্লেখ্য, মমতাজ বেগম নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

