ঢাকা-১১ আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)-এর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওই আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বুধবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নাহিদ ইসলাম ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি স্থানীয়দের জমি দখল প্রতিরোধ, মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার দাবি জানান।
এছাড়া রাজধানীর যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি। থানাগুলোতে জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধ দমনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা যাবে না। একই সঙ্গে রাজনৈতিক কারণে যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন।
সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

