জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়ার পর এবার লঞ্চ ভাড়াও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের লঞ্চ ভাড়া কিলোমিটারভিত্তিক হারে বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন ভাড়া নির্ধারণ করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কম দূরত্বে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। এতে কম দূরত্বে লঞ্চ ভাড়া গড়ে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে একই কারণে বাস ভাড়াও বাড়ানো হয়েছিল। ফলে একের পর এক পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন ভাড়া কাঠামো ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

