বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তিন দিনের সফরে বেইজিংয়ে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উভয়পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব, ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ওয়াং ই।
এর আগে সকালে চীনের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সে-এর চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সেখানেও দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উভয় বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকগুলোকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

