যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দক্ষিণ লেবাননে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর ছোড়া দুটি বিস্ফোরক ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন। এর প্রেক্ষিতে ইসরাইলি বাহিনী পাল্টা অভিযান জোরদার করেছে।
অন্যদিকে, হিজবুল্লাহ-সংশ্লিষ্ট কয়েকটি টেলিগ্রাম গ্রুপে দাবি করা হয়েছে, সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম বেকা জেলার দক্ষিণাঞ্চলের জিলাইয়া শহরে ইসরাইলি হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

