টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি গ্রামের এক পরিবারের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) গুরুতর তথ্যগত ভুল ধরা পড়েছে।
ভুক্তভোগী জুলিয়া বেগম ও তার মা কমলা বেগম-এর স্মার্ট এনআইডিতে জন্মতারিখে এমন অসংগতি দেখা গেছে, যাতে মেয়ে জন্মেছে মায়ের প্রায় ১০ মাস আগে—এমন তথ্যই দেখাচ্ছে নথিপত্রে।
এনআইডি অনুযায়ী জুলিয়া বেগমের জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৬০, আর তার মা কমলা বেগমের জন্ম ২০ ডিসেম্বর ১৯৬০। ফলে নথিগতভাবে দেখা যাচ্ছে, মেয়ের জন্ম মায়ের আগেই হয়েছে।
অন্যদিকে জুলিয়া বেগমের অষ্টম শ্রেণির সনদ অনুযায়ী তার প্রকৃত জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৯৩, অর্থাৎ তার বয়স ৩৩ বছর। কিন্তু জন্মনিবন্ধনে আবার তার বয়স দেখানো হয়েছে ৬৪ বছর, যা আরও বিভ্রান্তি তৈরি করেছে।
ভুক্তভোগী জুলিয়া বেগম বলেন, “এত বড় ভুলের কারণে আমি চরম ভোগান্তিতে আছি। বারবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে গিয়েছি, কিন্তু বলা হচ্ছে সংশোধন সম্ভব নয়।”
তার মা কমলা বেগম বলেন, “এনআইডি অনুযায়ী আমি মেয়ের চেয়ে ছোট হয়ে গেছি। বহুদিন ধরে চেষ্টা করেও কোনো সমাধান পাইনি।”
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “মায়ের চেয়ে মেয়ে ১০ মাস বড়—এটি অবশ্যই বড় ধরনের ভুল। আমি নতুন যোগদান করেছি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

