জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশকে গ্যাস উৎপাদনে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (২০ মে) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে ‘মূল্যায়ন-কাম-উন্নয়ন’ কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে কামতা-২ এবং তিতাস গ্যাস ফিল্ডের তিনটি কূপসহ মোট চারটি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে। এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, নতুন কূপগুলো থেকে উৎপাদন শুরু হলে গ্যাস সংকটে থাকা শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ দেওয়া যাবে। এতে উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, সরকার ধীরে ধীরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনের পথে এগোচ্ছে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য।
তিনি জানান, বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকলেই দ্রুত গ্যাস আমদানি করা সম্ভব নয়। তাই স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাতে স্থিতিশীলতা আনা হচ্ছে।
আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার এখন শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাত। এই দুই খাতে সরবরাহ নিশ্চিত করার পরই আবাসিক খাত বিবেচনায় আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান, মো. আব্দুল জলিল প্রামানিক এবং প্রকল্প পরিচালক এ কে এম জসীম উদ্দিনসহ জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

