ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালে হামে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক সাড়ে চার মাস বয়সি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে শিশুটির নিউমোনিয়াসহ জটিলতা দেখা দেয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন শিশু।
হাসপাতাল পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ১০৫ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
এদিকে, হামের সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় চিকিৎসা ব্যবস্থাপনা ও প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে।

