প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবি অনুযায়ী কুমিল্লা বিভাগ বাস্তবায়নে সরকার কাজ করবে। তিনি জানান, সরকার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের কল্যাণে কাজ করি। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য সবাইকে ধৈর্য ধরে আমাদের পাশে থাকতে হবে।”
তিনি আরও বলেন, সরকার গঠনের পরপরই ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে বিপুল সংখ্যক কৃষক ঋণমুক্ত হয়েছেন। তিনি দাবি করেন, কৃষকদের উন্নয়ন ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। যত দ্রুত সম্ভব কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করব।”
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থ পাচারের কারণে বর্তমানে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “করব কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন-এর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি নেতারা।

