চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের আবহে ইরান ও যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের মধ্যে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী প্রেমের গল্প। ইরানের জনপ্রিয় ক্রীড়া ক্লাব এস্তেগলালের নারী বাস্কেটবল দলের হয়ে খেলতে আসা মার্কিন খেলোয়াড় চিয়াহ রায়েল-হুইটসিট ইসলাম ধর্ম গ্রহণ করে এক ইরানি তরুণকে বিয়ে করেছেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য নিশ্চিত করেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ জুন) এস্তেগলাল নারী দলের মৌসুম-সমাপনী অনুষ্ঠানে ২৮ বছর বয়সী এই মার্কিন ফরোয়ার্ড নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে তার স্বামীর পরিচয় প্রকাশ করা হয়নি।
নারীদের বাস্কেটবল কার্যক্রম পুনরায় চালু করার পর ২০২৫ সালে তেহরানভিত্তিক এস্তেগলাল ক্লাব কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করে। চিয়াহ রায়েল-হুইটসিট ছিলেন তাদের অন্যতম। তার অসাধারণ পারফরম্যান্সে প্রত্যাবর্তনের প্রথম মৌসুমেই ইরানি নারী বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে এস্তেগলাল।
ইরানে যোগ দেওয়ার আগে টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই খেলোয়াড় আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, কসোভো এবং পুয়ের্তো রিকোর বিভিন্ন পেশাদার লিগে খেলেছেন। পরে ২০২৫ সালে এস্তেগলালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইরানে পাড়ি জমান।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এই বিয়ে বিশেষভাবে আলোচনায় এসেছে।
ইরানি সংবাদমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতি ও রমজান মাসের পুরো সময়জুড়েই চিয়াহ ইরানে অবস্থান করছিলেন। সেই সময়ের মধ্যেই তার ব্যক্তিগত জীবনে এই নতুন অধ্যায়ের সূচনা হয়।

