মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মায়ের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) তার মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রোকেয়া ঘরে থাকা একটি ধারালো বঁটি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রিজিয়া বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর রোকেয়া তার বড় ভাই মোফাজ্জল হোসেন ও ভাতিজা রাসেলকে ডেকে মায়ের মৃত্যুর কথা জানান। পরে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রিজিয়া বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত রোকেয়া বেগমকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

