ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে একটি বিয়ের অনুষ্ঠানের তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বরও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। হামলায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৬ জুন) স্থানীয় সময় এই হামলা চালানো হয়। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য তৈরি একটি অস্থায়ী বিয়ের তাঁবুতে দুটি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে ঘটনাস্থলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত মুহান্দ ওসমান ফারাওনা ওই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। হামলার পর তাঁবুটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং আশপাশের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধ ও অবরোধের মধ্যেও খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে সীমিত আয়োজনে বিয়ের অনুষ্ঠান চলছিল। মুহূর্তের মধ্যেই সেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের স্প্লিন্টার আশপাশের একটি আশ্রয়কেন্দ্র ও স্কুল এলাকায় গিয়ে পড়ে, যেখানে বহু বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল।
গাজা মানবাধিকার সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে সেখানে শত শত মানুষ নিহত এবং হাজারের বেশি আহত হয়েছে। চলমান সংঘাত ও যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও এ ধরনের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

