পর্তুগাল-এর আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম রাম প্রসাদ সরকার (৩৬)। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) মেশিলহোইরা গ্রান্দে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গাড়িটিতে মোট পাঁচজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয় এবং গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত চারজনকে উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর আলগার্ভ রেললাইন-এর পোর্তিমাও ও মেশিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে উদ্ধার কার্যক্রম শেষ হলে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
ঘটনাস্থলে প্রায় ৩০ জন উদ্ধারকর্মী, ১১টি জরুরি যানবাহন এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। দমকল বাহিনী, জরুরি চিকিৎসা বিভাগ ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় গাড়িটি ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।
vidIQ

